শিরোনাম

ঈদের আগে চেনা রূপে সদরঘাট, ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক
ঈদের আগে চেনা রূপে সদরঘাট, ঘরমুখো মানুষের ভিড়
সদরঘাটে মানুষের ভিড়। ছবি: সিটিজেন জার্নাল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে রাজধানী ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে অনেকেই লঞ্চে করে রওনা দিচ্ছেন নিজ নিজ গন্তব্যে। ঘরমুখো মানুষের ঈদযাত্রায় সরগরম হয়ে উঠেছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল।

সোমবার (১৬ মার্চ) সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, হাজার হাজার যাত্রীর উপস্থিতিতে টার্মিনাল এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। লঞ্চে দায়িত্বরত কর্মীরা ডেকে ডেকে যাত্রীদের নিজ নিজ লঞ্চে উঠতে আহ্বান জানাচ্ছেন। যাত্রীরাও পছন্দ অনুযায়ী গন্তব্যের লঞ্চে উঠছেন।

টার্মিনাল এলাকায় দেখা যায়, কেউ হাতে ব্যাগ নিয়ে আবার কেউ মাথায় মালপত্র বহন করে দ্রুত লঞ্চের দিকে ছুটে যাচ্ছেন। যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

অনেক যাত্রী কেবিন পেয়েছেন, আবার অনেকে কেবিন না পেয়ে লঞ্চের খোলা জায়গায় বিছানা পেতে বসেছেন। কেউ কেউ কোনো খালি জায়গা না পেয়ে দাঁড়িয়ে থেকেই যাত্রার প্রস্তুতি নিচ্ছেন।

অনেক যাত্রী কেবিন পেয়েছেন, আবার অনেকে কেবিন না পেয়ে লঞ্চের খোলা জায়গায় বিছানা পেতে বসেছেন। কেউ কেউ কোনো খালি জায়গা না পেয়ে দাঁড়িয়ে থেকেই যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। লঞ্চের ভেতরেও তেমন কোনো ফাঁকা স্থান চোখে পড়েনি।

তবে গত ঈদুল ফিতরে রমজানের শেষ সময়টাতে যে উপচে পড়া ভিড় ছিল তা এখনো দেখা যায়নি।

একটি লঞ্চের ভেতরের ডেকের অবস্থা। ছবি: সিটিজেন জার্নাল
একটি লঞ্চের ভেতরের ডেকের অবস্থা। ছবি: সিটিজেন জার্নাল

আক্তার হোসেন নামের এক যাত্রী বলেন, ‘যাত্রীদের ভিড়ের কারণে তিনি কেবিন পাননি। তার ভাষায়, সব কেবিনে লোক ভর্তি হয়ে গেছে। লঞ্চের খালি জায়গাগুলোও মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে গেছে।’

বেলা ১১টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত টার্মিনালে যাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। বিকাল ৪টার পর থেকে যাত্রীদের সংখ্যা বাড়তে শুরু করে। এখন পর্যন্ত যাত্রী হয়রানির কোনো অভিযোগ চোখে পড়েনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত মোট ৪৩টি লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে সদরঘাট ছেড়ে গেছে। একই সময়ে ঢাকায় এসে পৌঁছেছে আরও ৪০টি লঞ্চ।

এদিন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

/টিই/