ড্যাপ সংশোধনের নামে ব্যবসায়ীদের অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে: আইপিডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ড্যাপ সংশোধনের নামে ব্যবসায়ীদের অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে: আইপিডি
ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) লগো

রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের নামে ব্যবসায়িক গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। একই সঙ্গে ‘অস্বচ্ছ প্রক্রিয়ায় এবং যথাযথ পরিকল্পনাগত বিশ্লেষণ ও কারিগরি মূল্যায়ন ছাড়াই গোপনে’ অনুমোদন করা এই গেজেট অনতিবিলম্বে সম্পূর্ণ বাতিলের দাবি জানায় সংগঠনটি।

রবিবার (১৮ অক্টোবর) আইপিডি নির্বাহী পরিচালক অধ্যাপক ড আদিল মুহাম্মদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতি এই দাবি জানায় সংগঠনটি।

আইপিডি বলে, ‘বুড়িগঙ্গার তীর, জুরাইন ও পোস্তগোলার মতো পরিবেশগতভাবে বিপন্ন এলাকায় নদী তীরবর্তী ড্যাপে চিহ্নিত উন্মুক্ত স্থানে ভারী শিল্প কারখানা স্থাপনের অনুমোদন সরকারের পরিবেশ সংরক্ষণের লক্ষ্যকে প্রশ্নের মুখে ফেলেছে। ভূমি ব্যবহারের পরিবর্তন, নদীদূষণ, জনস্বাস্থ্য এবং পরিবেশগত ঝুঁকি বিবেচনা না করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তা ঢাকার বাসযোগ্যতা ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ক্ষেত্রে ‘প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০’ সহ প্রযোজ্য আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

একইভাবে বন্যাপ্রবাহ এলাকা, প্রাকৃতিক জলপ্রবাহের পথ ও জলাশয়ে আবাসন প্রকল্পের সুযোগ বাড়ানো হলে ঢাকার জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করেছে সংগঠনটি।

আইপিডি জানায়, ‘এসব এলাকা নগরের পানি নিষ্কাশন ও বৃষ্টির পানি ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর সুরক্ষা দুর্বল করার ফলে সৃষ্ট ক্ষতি শুধু সংশ্লিষ্ট প্রকল্পে সীমাবদ্ধ থাকবে না; আশপাশের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারাও তার মাশুল দেবেন।‘

সংগঠনটি মনে করে, ‘পরিকল্পনা সংশোধন কোনো গোপন প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে না। ড্যাপের মতো গুরুত্বপূর্ণ পরিকল্পনা সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা, পরিকল্পনাগত বিশ্লেষণ, পেশাগত মতামত এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারের পরিবর্তন হলেও পরিকল্পনার মৌলিক লক্ষ্য ও জনস্বার্থ সংরক্ষণের নীতিতে ধারাবাহিকতা থাকতে হবে। অন্যথায় পরিকল্পনা প্রণয়নের পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে এবং নগর উন্নয়ন ব্যবসায়িক ও তাৎক্ষণিক স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়ার আশঙ্কা থাকবে।‘

বিবৃতিতে আইপিডি পক্ষ থেকে কিছু সুপারিশ দেওয়া হয়। এতে বলা হয়, ড্যাপের তৃতীয় দফার বিতর্কিত সংশোধনীসংবলিত গেজেট অনতিবিলম্বে সম্পূর্ণ বাতিল করতে হবে। গেজেটের মাধ্যমে করা এবারের সংশোধন এর পেছনে পরিকল্পনাগত কি কারণ ও বাস্তবতা তৈরি হল এবং কারা এর সুপারিশ করেছে–তার পূর্ণাঙ্গ বিবরণ জনসমক্ষে প্রকাশ করতে হবে। এবারেরটা সহ ড্যাপের ইতিপূর্বে করা বিভিন্ন সংশোধনসমূহের কারিগরি তদন্ত করে এর পেছনে দুর্নীতি ও ব্যবসায়িক স্বার্থ কাজ করছে কিনা, সেটা উন্মোচন করতে হবে।

সংগঠনটি আরও সুপারিশ জানায়, বন্যাপ্রবাহ এলাকা, প্রাকৃতিক জলপ্রবাহ, নদীতীর, জলাশয়, পার্ক, খেলার মাঠ ও অন্যান্য উন্মুক্ত স্থান সংরক্ষণের বিধান কঠোরভাবে কার্যকর করতে হবে। এসব এলাকার সুরক্ষা দুর্বল করে কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। এফএআর বৃদ্ধির ক্ষেত্রে পরিকল্পিত জনসংখ্যা, নাগরিক অবকাঠামোর ধারণক্ষমতা এবং সংশ্লিষ্ট কারিগরি কমিটির সুপারিশের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে হবে। এবং ভবিষ্যতে ড্যাপ সংশোধনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নিয়ম, পেশাগত পরামর্শ, কারিগরি মূল্যায়ন, পরিবেশগত প্রভাব বিশ্লেষণ এবং জনস্বার্থ যাচাই বাধ্যতামূলক করতে হবে।

/এফআর/