শিরোনাম

৩৪ লাখ জাল টাকা ও তৈরির সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
৩৪ লাখ জাল টাকা ও তৈরির সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৩
জাল টাকাসহ গ্রেপ্তার ৩ আসামি। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে আবারও সক্রিয় হয়ে উঠেছে আন্তঃজেলা জাল টাকা তৈরির কারবারিরা। এমনই একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ৩৪ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো– মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা ও মো. মামুন (২৫)।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে রাজধানীর উত্তরাপূর্ব থানা এলাকায় সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে থেকে মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি চালিয়ে চার লাখ জাল টাকা এবং জাল টাকা বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গাজীপুরের বাসন থানা এলাকায় থেকে দুলাল মৃধা ও মামুনকে গ্রেপ্তার করে ডিবি। তাদের কাছ থেকে আরও ৩০ লাখ জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, একটি রোল সোনালী রঙের ফয়েল পেপার, ২০০ টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপ সম্বলিত সাদা কাগজ, ১০০ টি একপাশে ১০০০ টাকার প্রিন্ট করা কাগজ অন্য পাশে সাদা, ২ লিটারের দুইটি তরল জাতীয় গাম, একটি কাটার এবং জলছাপ বসানোর দুইটি ডাইস উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা জাল টাকা তৈরি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে এই চক্রটি।

উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট ও বিপণি বিতানে তাদের তৈরীকৃত জাল টাকাগুলো বিভিন্ন সহযোগীর মাধ্যমে বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে উত্তরাপূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

/এফআর/