শিরোনাম

রাজধানীতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে সড়ক দুর্ঘটনা, নিহত ১
অটোরিকশার ধাক্কায় সাফিদ ফরাজী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর আব্দুল্লাহপুরে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে আব্দুল্লাহপুর মৎস্য আড়তের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড় এলাকায়।

আনোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন জিহাদ বলেন, আমার বাবা আব্দুল্লাহপুর মৎস্য আড়তে পানি সরবারহের কাজ করতেন। আড়তের পাশেই থাকতেন। সকালে খবর পাই, আমার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জানতে পেরেছি সকালে বাবা আড়তে যাওয়ার পর রাস্তা পার হয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। তখন একটি বাস ও আটোরিকশার মাঝে চাপা পড়েন। তবে কেউ কেউ বলছেন, তিনি দুই বাসের মাঝে চাপা পড়ে আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

/এসবি/