মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট ঘটনায় গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট ঘটনায় গ্রেপ্তার ৯
রাড্ডার স্থাপনা ভেঙে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছিল

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এর কার্যালয়ে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি, স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক খুদে বার্তায় এসব তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর আগে, গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) এই ঘটনায় প্রথম দফায় চারজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিলেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার।

ঘটনার পর এক বিজ্ঞপ্তিতে নাসরিন আখতার জানান, মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দীর্ঘ ৫০ বছর ধরে গরিব, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে এই সেন্টারে যা ঘটেছে তা নিছক কোনো ডাকাতি বা হামলা নয়, এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম। সন্ত্রাসীদের আক্রমণে সেন্টারটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নাসরিন আখতার বলেন, দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের অধিক একটি সন্ত্রাসী দল নিরাপত্তাকর্মীদের জিম্মি করে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এই বর্বর হামলায় দেড় কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এবং দীর্ঘদিনের সেবা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

এদিকে, হামলার পর ক্লিনিকের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার অভিযোগ করেছে কর্তৃপক্ষ। তাদের আরও অভিযোগ, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

/এফআর/