শিরোনাম

শাটডাউনের ঘোষণা দিয়েও স্থগিত, আন্দোলনকারীর দাবি ‘এখন প্রয়োজন নেই’

তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সংবাদদাতা
শাটডাউনের ঘোষণা দিয়েও স্থগিত, আন্দোলনকারীর দাবি ‘এখন প্রয়োজন নেই’
সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটোক

স্বতন্ত্র তিতুমীর কলেজের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ শাটডাউন কর্মসূচির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা পালন করেনি। ফলে পূর্বঘোষিত কর্মসূচির কোনো প্রভাব পড়েনি কলেজের স্বাভাবিক কার্যক্রমে।

আজ রবিবার (৩০ আগস্ট) সকাল থেকে কলেজে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলতে দেখা গেছে।

এদিকে শাটডাউন কর্মসূচির ঘোষণা থাকলেও ক্যাম্পাসে আন্দোলনকারীদের কোনো কর্মসূচি বা দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি। কর্মসূচি পালন না করায় শিক্ষার্থীদের মধ্যেও স্বস্তি দেখা গেছে। কয়েকজন শিক্ষার্থী জানান, শাটডাউন নিয়ে আগে থেকে কিছুটা উদ্বেগ থাকলেও ক্যাম্পাসের কার্যক্রম স্বাভাবিক থাকায় তারা স্বস্তি পেয়েছেন।

কর্মসূচি পালন না করার বিষয়ে আন্দোলনকারীদের একজন ওয়াহিদ ইসলাম অনিক বলেন, ক্যাম্পাসের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ও পরামর্শের পর শাটডাউন কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবার মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘বর্তমানে শাটডাউন কর্মসূচির কোনো প্রয়োজনীয়তা নেই।’

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) স্বতন্ত্র তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের একাংশ ৩০ আগস্ট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

/এমআর/