শিরোনাম

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের হলছাড়া করার অভিযোগে তদন্ত কমিটি গঠন

শাবিপ্রবি সংবাদদাতা
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের হলছাড়া করার অভিযোগে তদন্ত কমিটি গঠন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আহমদ এবং ফাহিমা-তুজ-জাহরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইসমত আরা।

অফিস আদেশ
অফিস আদেশ

এর আগে, ৭ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা ২০২৪ সালের ২৬ অগাস্ট আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। একই সঙ্গে তারা ৪৮ কর্মঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

শাবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়ার দিনটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটা কালো অধ্যায়। ওইদিনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া শিক্ষার্থীদের প্রাণের দাবি।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। আমি চিঠি হাতে পেয়েছি।

/এসআর/