শিরোনাম

প্রাইভেসি সুরক্ষায় নতুন বাংলা কি-বোর্ড ‘আবু সাঈদ’, নির্মাতা বেরোবির সাবেক শিক্ষার্থী

বেরোবি সংবাদদাতা
বেরোবি সংবাদদাতা
প্রাইভেসি সুরক্ষায় নতুন বাংলা কি-বোর্ড ‘আবু সাঈদ’, নির্মাতা বেরোবির সাবেক শিক্ষার্থী
(ডানে) নির্মাতা বেরোবির সাবেক শিক্ষার্থী আসিফ কিবরিয়া

আইফোন ও ম্যাকে সহজে বাংলা লেখার পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় গুরুত্ব দিয়ে নতুন বাংলা কি-বোর্ড ‘আবু সাঈদ’ তৈরি করা হয়েছে। যেটি নির্মাণ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক শিক্ষার্থী আসিফ কিবরিয়া। এতে ইংরেজি অক্ষরে বাংলা উচ্চারণ অনুযায়ী টাইপ করলেই তা বাংলায় রূপান্তরিত হয়। সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য কি-বোর্ডটিতে রয়েছে প্রায় সাড়ে ছয় লাখ বাংলা শব্দের ডাটাবেস।

আসিফ কিবরিয়া বেরোবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি জার্মানির বার্লিনে সফটওয়্যার প্রতিষ্ঠান এসএপি-এর সিনিয়র ডেভেলপমেন্ট কনসালট্যান্ট হিসেবে কর্মরত।

‘আবু সাঈদ’ কি-বোর্ডের অন্যতম বৈশিষ্ট্য এর প্রাইভেসি-কেন্দ্রিক নকশা। নির্মাতার দাবি, বাংলা টাইপ করার জন্য এতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। ব্যবহারকারীর টাইপ করা কোনো লেখা সার্ভারে পাঠানো হয় না। অ্যাপটিতে বিজ্ঞাপন বা অ্যানালিটিক্সও রাখা হয়নি। ফলে টাইপ করা ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য তৃতীয় পক্ষের কাছে যাওয়ার ঝুঁকি কমানোর লক্ষ্যেই কীবোর্ডটি তৈরি করা হয়েছে।

কি-বোর্ডটিতে ফোনেটিক পদ্ধতিতে বাংলা লেখার পাশাপাশি প্রভাত ও জাতীয় লেআউট ব্যবহারের সুযোগ রয়েছে। ইংরেজি অক্ষরে ‘ami’ লিখলে ‘আমি’ এবং ‘bangla’ লিখলে ‘বাংলা’ হওয়ার মতো সুবিধায় ব্যবহারকারীরা প্রচলিত বাংলা কি-বোর্ডের লেআউট না শিখেও টাইপ করতে পারবেন। টাইপ করার সময় শব্দের সাজেশনও পাওয়া যায়।

এ ছাড়া, বাংলা ও ইংরেজির মধ্যে দ্রুত পরিবর্তন, কি-বোর্ডের থিম ও আকার নিজের পছন্দ অনুযায়ী পরিবর্তন এবং প্রয়োজনীয় শর্টকাট যুক্ত করার সুবিধা রয়েছে। কি-বোর্ডটিতে প্রায় সাড়ে ছয় লাখ বাংলা শব্দ থাকায় টাইপ করার সময় শব্দ নির্বাচন ও বানান নির্ভুলতায় সহায়তা করার লক্ষ্য রাখা হয়েছে।

অ্যাপটির নাম ‘আবু সাঈদ’ রাখার পেছনের কারণ জানিয়ে আসিফ কিবরিয়া বলেন, আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের প্রথম শহীদ। সে সময় আমরা জার্মানিতেও আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি করেছিলাম। সেই সময় থেকেই বাংলা লেখার জন্য ব্যবহৃত অ্যাপগুলোর প্রাইভেসি নিয়ে ভাবনা শুরু হয়।

তিনি বলেন, তখন আমি নিজেই একটি নতুন অ্যাপ তৈরির চেষ্টা শুরু করি। প্রায় এক বছর অ্যাপটি নিজের কাজে ব্যবহার করেছি। এরপর গত মাসে আনুষ্ঠানিকভাবে এটি লঞ্চ করি। লঞ্চের পর থেকে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি।

অ্যাপটির লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, মানুষ যদি এটি ব্যবহার করে উপকৃত হন, সেটাই আমার জন্য ভালো লাগার বিষয়। এখানে কোনো বিজ্ঞাপন নেই, এটি সম্পূর্ণ ফ্রি এবং সাড়ে ছয় লাখ বাংলা শব্দ রয়েছে। ফলে বাংলা টাইপিংয়ে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। একই সঙ্গে ব্যবহারকারীর প্রাইভেসি নিশ্চিত করাও আমাদের প্রধান লক্ষ্য।

নির্মাতা বলেন, বর্তমানে আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীরা ‘আবু সাঈদ’ কি-বোর্ড ব্যবহার করতে পারবেন। আগ্রহীরা নির্মাতার ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড ও সেটআপের নির্দেশনা নিতে পারবেন।

/এফআর/