শিরোনাম

দায়িত্ব গ্রহণের চার মাসে ডাকসুর নানা উদ্যোগ

ঢাবি সংবাদদাতা
দায়িত্ব গ্রহণের চার মাসে ডাকসুর নানা উদ্যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যলয়। ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের প্রথম চার মাসের কার্যক্রম ও সাফল্য নিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ সোমবার (২৫ মে) আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকসু নেতৃবৃন্দ শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত উদ্যোগ, কাঠামোগত সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই শিক্ষার্থীদের প্রতি নিজেদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে ডাকসু নেতৃবৃন্দ বলেন, এটি আমাদের কাছে একটি আমানত, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের কাছে আমানত হয়ে থাকবে এবং আমরা সবসময় জবাবদিহিতা করব।

সংবাদ সম্মেলনে ডাকসুর চার মাসের উল্লেখযোগ্য নানা উদ্যোগ ও পদক্ষেপ তুলে ধরা হয়। নিয়মিত নির্বাচন ও অ্যাকাডেমিক সংস্কারের অংশ হিসেবে ডাকসুকে সচল রাখতে প্রতি বছর নিয়মিত নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাস হয়েছে, যা বর্তমানে সিন্ডিকেটে রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের অ্যাকাডেমিক মানোন্নয়নের লক্ষ্যে ক্যাম্পাসে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব অ্যাকাডেমিক কাউন্সিলে পাস করা হয়েছে।

ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে ডাকসুর কঠোর ভূমিকার কথা উল্লেখ করে জানানো হয়, ক্যাম্পাসকে শিক্ষার্থীবান্ধব করতে জুলাইয়ের অপরাধীদের বিচারের আওতায় আনা, শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল এবং ফ্যাসিবাদী কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ জোরকদমে চলছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আবাসন, খাদ্যমান ও স্বাস্থ্যসেবা বৃদ্ধির ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। ইতোমধ্যে পাঁচটি হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা হয়েছে। ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়ন এবং মোকাররম ভবনে নতুন ক্যাফেটেরিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসে মেডিক্যাল সেন্টারের আধুনিকায়নের অংশ হিসেবে অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় মেডিক্যাল ইকুইপমেন্ট প্রদান করা হয়েছে। প্রতিটি হলে পেস্ট কন্ট্রোল স্প্রে করার ব্যবস্থা করা হয়েছে এবং কেন্দ্রীয় মসজিদ সংস্কারের জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ছাত্রী হলগুলোতে প্রবেশের কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতা শিথিল করার পাশাপাশি হলগুলোতে স্যানিটারি ন্যাপকিন বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রেও ডাকসু সোচ্চার। যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে ডাকসুর সরাসরি উদ্যোগে ইতোমধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থীকে সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়া পরিবহন ব্যবস্থায় আধুনিকায়ন আনতে শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে লালবাস অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া ইলেকট্রনিক শাটল বাস সেবা বৃদ্ধি এবং বাসের ট্রিপ বাড়ানোর জন্য দুই কোটি টাকার বিশেষ বাজেট অনুমোদিত হয়েছে।

শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং একটি শিক্ষার্থীবান্ধব আধুনিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণে সামনের দিনগুলোতেও তাদের এই জবাবদিহিতা ও কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান ডাকসু নেতৃবৃন্দ।

/এমআর/