শিরোনাম

শহীদ মামুন হলে পানি ও বিদ্যুৎ সংকট, প্রশাসন নিরুপায়

তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সংবাদদাতা
শহীদ মামুন হলে পানি ও বিদ্যুৎ সংকট, প্রশাসন নিরুপায়
শহীদ মামুন ছাত্রাবাস

তিতুমীর কলেজের শহীদ মামুন ছাত্রাবাসে কিছুদিন যাবত তীব্র পানির সংকট ও বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। তবে প্রশাসন বলছে, আমরা নিরুপায়।

দীর্ঘদিন থেকে রাজধানী জুড়ে বিদ্যুৎ ও পানি সংকটের তীব্রতা বেড়েছে। এর প্রভাব তিতুমীর কলেজের ছাত্রাবাসে পড়েছে। যার কারণে শিক্ষার্থীদের নিয়মিত জীবনযাপন ও পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। পানি ও বিদ্যুৎ সমস্যায় অতিষ্ট শিক্ষার্থীদের জীবন, ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে ছাত্রাবাসগুলো।

এ বিষয়ে আবাসিক শিক্ষার্থী মো. রাকিব মিয়া বলেন, পানির সমস্যা যেন লাগামহীনভাবে বেড়েই চলেছে। গোসল করতে গেলে দেখি পানি শেষ। মাঝে মাঝে এমনও হয় অর্ধেক গোসল হয়েছে, সেই সময় পানি শেষ। এতে প্রায়ই আমাদের সমস্যায় পড়তে হয়। মাঝেমধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় পানির জন্য, এতে সময় মতো ক্লাসে পৌঁছাতে পারি না।

অর্থনীতি বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী দিদার সিফাত বলেন, বিদ্যুৎ যেন এখন সোনার হরিণ। বিদ্যুৎ এখন আর যায় না, মাঝে মধ্যে আসে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। এর দ্রুত সমাধান প্রয়োজন।

এ বিষয়ে হলের সহকারি তত্ত্বাবধায়ক কাজী মোহাম্মদ আল নূর বলেন, ওয়াসা থেকে আমরা ঠিকঠাক পানি পাচ্ছি না। আবার অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মটরও চালানো যাচ্ছে না। তাছাড়া মামুন হলের যে নিজস্ব পানির বোর্ডিং, এটার স্তর নিচে নেমে গেছে। আমরা নতুন করে বোর্ডিং তৈরির জন্য প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছি। প্রায় তিন মাস সময় লাগবে, আশা করি এর সমাধান হয়ে যাবে।

/এসআর/