শিরোনাম

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবি সংবাদদাতা
কুবি সংবাদদাতা
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা। ছবি: সিজেডেএন টোয়েন্টিফোর

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় তারা প্রস্তাবিত মানবণ্টন পুনর্বিবেচনার দাবি জানান। সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কোটা গেছে যেই পথে–ভাইভা যাবে সেই পথে’, ‘ভাইভার নামে দলীয়করণ–বন্ধ কর, করতে হবে’, ‘ভাইভা না মেধা–মেধা, মেধা’, ‘দোয়েল, কোয়েল, ময়না, টিয়া–ভাইভায় এসো ঘুষ নিয়া’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে উদ্দেশ্য করেও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, ‘আমরা জুলাই আন্দোলনের কথা ভুলিনি, কিন্তু আমাদের সরকার হয়তো ভুলে গেছে। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বর্তমান সরকার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। সরকারি চাকরিতে বৈষম্য, সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ এবং ভাইভার নামে কোটাকে ফেরানোর চেষ্টা করছে সরকার।’

জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘আমরা সব সময় বলে থাকি– কোটা না মেধা? মেধা, মেধা। কিন্তু এখন আমরা দেখছি, কোটা আবার নতুনভাবে ফিরে আসছে। আজকে আমরা কারও ব্যক্তিগত সুবিধার জন্য এখানে আসিনি। সরকারের এই সিদ্ধান্ত এভাবে বাড়তে দিলে একপর্যায়ে এই সরকার ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাবে।’

ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘আমাদের বারবার বিভিন্ন বিষয় নিয়ে রাজপথে নামতে হয়। অথচ এই সরকার হওয়ার কথা ছিল জনগণের। কিন্তু সরকার হয়ে যায় নিজের দলের। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।’

কুবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিতে ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানোর মাধ্যমে মেধার অবমূল্যায়ন এবং দলীয় লোকদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রতিবাদেই আজকের এই মানববন্ধন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ ভাই শহীদ হয়েছেন। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। অথচ তাদের সুস্থ হওয়ার আগেই তাদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসে সরকার আবারও বৈষম্যের পথ বেছে নিয়েছে।’

প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে সরাসরি নিয়োগের পরীক্ষার মানবণ্টন পরিবর্তনের প্রস্তাবসংবলিত খসড়া বিধিমালা অনুমোদন করা হয়। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, ১১ ও ১২তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাব করা হয়েছে। ১৩ থেকে ১৬তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৪০ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১০ থেকে বাড়িয়ে ২৫ করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে লিখিত পরীক্ষার নম্বর ও পাস নম্বরেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

/এসআর/