শিরোনাম
সরকারি তিতুমীর কলেজ

ছাত্র মৈত্রীর নেতাদের ওপর ছাত্রদলের হামলা, ৩ দাবিতে স্মারকলিপি

তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সংবাদদাতা
ছাত্র মৈত্রীর নেতাদের ওপর ছাত্রদলের হামলা, ৩ দাবিতে স্মারকলিপি
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সরকারি তিতুমীর কলেজ শাখার বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অধ্যক্ষ বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় বিপ্লবী ছাত্র মৈত্রী, সরকারি তিতুমীর কলেজ শাখা।

স্মারকলিপিতে বলা হয়, বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিল উপলক্ষে সংগঠনটির উদ্যোগে গতকাল (১৩ সেপ্টেম্বর) ক্যাম্পাসে শিক্ষা ও কর্মসংস্থানের দাবি সংবলিত শান্তিপূর্ণ দেয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দের ওপর হামলার অভিযোগ ওঠে।

সংগঠনটির দাবি, হামলায় ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার সদস্যসচিব সেলিম রেজা এবং আক্কাছুর রহমান আখি হল শাখার সভাপতি মো. মাইন উদ্দিন তুহা আকন্দ ছিলেন। হামলায় বিপ্লবী ছাত্র মৈত্রীর সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক সোহাগ প্রামাণিক আহত হন। একই ঘটনায় সংগঠনটির তিতুমীর কলেজ ইউনিটের এক সদস্যকে যৌন হয়রানি করা এবং হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, ভিন্নমতের ওপর হামলা ও দমন কোনোভাবেই গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারে না। ক্যাম্পাসে ভিন্নমতের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির মতো ঘটনা উদ্বেগজনক বলেও উল্লেখ করা হয়।

তাদের দাবিগুলো হলো—দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন ও প্রতিবেদন প্রকাশ, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক সোহাগ প্রামাণিক ও যুগ্ম আহ্বায়ক রিফাতুল মোর্শেদ স্বাক্ষর করেন।

/এমআর/