শিরোনাম

পুলিশের শীর্ষ ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বিশেষ প্রতিনিধি
পুলিশের শীর্ষ ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় তাদের অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরির বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন। চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ার তাদের অবসরে পাঠানো হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ওই কর্মকর্তারা হলেন পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মো. আশরাফুজ্জামান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ও শামীমা বেগম।

অবসরে পাঠানো অপর কর্মকর্তারা হলেন এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএনের ডিআইজি সালমা বেগম।

উল্লেখ্য, এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জনস্বার্থে পুলিশের বড় পর্যায়ের এই রদবদল বা অব্যাহতি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

/বিবি/