শিরোনাম

বৃষ্টিতে মোবাইল ভিজে গেলে যা করবেন

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বৃষ্টিতে মোবাইল ভিজে গেলে যা করবেন
প্রতীকী ছবি

আষাঢ় মাস মানেই ঝুম বৃষ্টি, জলাবদ্ধতা আর বাড়তি সতর্কতার সময়। এই মৌসুমে ছাতা থাকলেও অনেক সময় স্মার্টফোনকে বৃষ্টির পানি থেকে বাঁচানো যায় না। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই প্রথমে দেখেন ফোনটি চালু হচ্ছে কি না। ফোন সচল থাকলেই অনেকেই ধরে নেন, বড় কোনো সমস্যা হয়নি। অথচ প্রযুক্তিবিদদের মতে, এখানেই সবচেয়ে বড় ভুলটি করেন ব্যবহারকারীরা।

পানি ঢোকার পর অনেক সময় ফোন স্বাভাবিকভাবে চালু হলেও ভেতরে আর্দ্রতা থেকে যেতে পারে। এই আর্দ্রতা ধীরে ধীরে সার্কিট বোর্ড, সংযোগকারী অংশ ও ধাতব উপাদানে ক্ষয় সৃষ্টি করে। ফলে সাত থেকে দশ দিন, এমনকি কয়েক সপ্তাহ পরও ফোনে চার্জিং সমস্যা, স্পিকার বা মাইক্রোফোনের ত্রুটি, ক্যামেরা নষ্ট হওয়া কিংবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এ কারণে ফোন ভিজে গেলে সেটি সচল থাকলেও যত দ্রুত সম্ভব সার্ভিস সেন্টারে নিয়ে পরীক্ষা করানোই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

অনেক আধুনিক স্মার্টফোনে পানি প্রতিরোধী প্রযুক্তি থাকলেও সেটিকে শতভাগ জলরোধী ভাবার সুযোগ নেই। ফোন কেনার আগে এর ‘আইপি রেটিং’ দেখে নেওয়া উচিত। এই রেটিং নির্দিষ্ট পরিবেশে পানি ও ধুলাবালুর বিরুদ্ধে সুরক্ষার সক্ষমতা বোঝায়। তবে মনে রাখতে হবে, পরীক্ষাগুলো সাধারণত স্বাভাবিক পানিতে নির্দিষ্ট সময় ও গভীরতায় করা হয়। রাসায়নিকযুক্ত সুইমিংপুলের পানি, কোমল পানীয়, চা, কফি বা অন্যান্য তরলে একই মাত্রার সুরক্ষা নাও মিলতে পারে।

অনেক সময় ভাত, তরকারি বা অন্য কোনো খাবারের তরলও ফোনের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। এসব তরলে থাকা আর্দ্রতা ও লবণজাতীয় উপাদান ধাতব অংশে ক্ষয় সৃষ্টি করতে পারে। এমন ঘটনা ঘটলে দ্রুত ফোন বন্ধ করে সিম ও মেমোরি কার্ড খুলে ফেলতে হবে। ব্যাটারি খোলা সম্ভব হলে সেটিও খুলে রাখা ভালো। এরপর ফোনটি ভালোভাবে শুকিয়ে পেশাদার প্রযুক্তিবিদের মাধ্যমে পরীক্ষা করানো উচিত।

অনেকেই মনে করেন, ওয়ারেন্টি থাকলে পানিতে নষ্ট হওয়া ফোন সহজেই বদলে দেওয়া হবে। বাস্তবে বেশিরভাগ নির্মাতার সাধারণ ওয়ারেন্টিতে তরলজনিত ক্ষতি অন্তর্ভুক্ত থাকে না। তাই ফোন কেনার সময় ওয়ারেন্টির শর্ত ভালোভাবে পড়ে নেওয়া এবং প্রয়োজনে এক্সটেন্ডেড ওয়ারেন্টি বা দুর্ঘটনাজনিত ক্ষতির কভারেজ নেওয়া যেতে পারে।

মোবাইল ফোন ভিজে গেলে যা করবেন

  • দ্রুত ফোনটি বন্ধ করুন।
  • চার্জারে সংযুক্ত করবেন না।
  • বারবার চালু করার চেষ্টা করবেন না।
  • সিম ও মেমোরি কার্ড খুলে ফেলুন।
  • চাল বা হেয়ার ড্রায়ারের ওপর নির্ভর না করে দ্রুত সার্ভিস সেন্টারে নিয়ে যান।

প্রযুক্তিবিদদের মতে, বর্ষাকালে সামান্য অসতর্কতায় একটি দামি স্মার্টফোন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ফোনে পানি ঢুকলে সেটি চালু আছে বলে নিশ্চিন্ত না হয়ে দ্রুত সঠিক ব্যবস্থা নেওয়াই বুদ্ধিমানের কাজ। সময়মতো যত্ন নিলে অনেক ক্ষেত্রেই বড় ধরনের ক্ষতি ও অতিরিক্ত মেরামত ব্যয় এড়ানো সম্ভব।

/এসবি/