শিরোনাম

হাঁটলেই তৈরি হচ্ছে বিদ্যুৎ

সিটিজেন ডেস্ক
হাঁটলেই তৈরি হচ্ছে বিদ্যুৎ
ছবি: সংগৃহীত

বিজ্ঞানের উৎকর্ষতায় জাপান যে বিশ্বকে বারবার চমকে দেয়, তা আবারও প্রমাণিত হলো। এবার জাপানের ব্যস্ততম রাস্তা ও রেলস্টেশনগুলোতে এমন এক বিশেষ টাইলস বসানো হয়েছে, যা মানুষের হাঁটাচলা থেকেই তৈরি করছে বিদ্যুৎ। বিস্ময়কর এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ‘পায়োজোইলেকট্রিক টাইলস’।

প্রযুক্তিটি মূলত পায়োজোইলেকট্রিক নীতির ওপর ভিত্তি করে তৈরি। ১৯ শতকে বিজ্ঞানী কিউরি ভাইদের আবিষ্কৃত এই তত্ত্বে দেখা যায়, বিশেষ কিছু পদার্থে চাপ প্রয়োগ করলে সেখান থেকে ইলেকট্রন প্রবাহিত হয়। জাপানি প্রকৌশলীরা এই তত্ত্বকে কাজে লাগিয়ে ফুটপাতের নিচে বসিয়েছেন সংবেদনশীল সেন্সর ও স্প্রিং। যখনই কোনো পথচারী এই টাইলসের ওপর পা রাখছেন, সেই যান্ত্রিক চাপ রূপান্তরিত হচ্ছে বৈদ্যুতিক শক্তিতে।

বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রানজিট পয়েন্ট টোকিওর শিনজুকু স্টেশন। প্রতিদিন প্রায় ৩৮ লাখ যাত্রী যাতায়াত করেন এ স্টেশন দিয়ে। পরীক্ষামূলকভাবে এই স্টেশনে টাইলসগুলো বসানোর পর দেখা গেছে, মানুষের প্রতিটি কদম থেকে প্রায় ১০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বিপুল সংখ্যক মানুষের পদচারণায় প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয়, তা দিয়ে স্টেশনের বিশাল অংশ আলোকিত হচ্ছে।

তবে এই প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। প্রতিটি টাইলস বসাতে খরচ হচ্ছে ৫০ থেকে ১০০ ডলার। ব্যস্ত এলাকায় প্রতিনিয়ত ঘর্ষণের ফলে টাইলসগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

পরিবেশবাদীরা একে দেখছেন ‘জিরো কার্বন’ সমাজ গড়ার হাতিয়ার হিসেবে। ২০১৭ সালের এক গবেষণায় দাবি করা হয়েছে, মিশরের মতো দেশের ব্যস্ত স্টেশনে এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর করলে বিদ্যুৎ খরচ প্রায় ৯৯ দশমিক ৯৩ শতাংশ কমিয়ে আনা সম্ভব।

/এসবি/