শিরোনাম

এক পায়ে ভর করে ‘থ্রিলার’ জিতে ফাইনালে আলকারাজ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
এক পায়ে ভর করে ‘থ্রিলার’ জিতে ফাইনালে আলকারাজ
সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠার কীর্তি গড়লেন আলকারাজ (ছবি: সংগৃহীত)

মেলবোর্ন পার্কে শুক্রবার (৩০ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের প্রথম সেমিফাইনালে যে লড়াই হলো, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। বিশ্বের বর্তমান এক নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ ম্যাচের মাঝে ইনজুরির শঙ্কায় পড়েও আলেক্সান্দার জভেরেভকে হারালেন। সেমিফাইনালে পাঁচ ঘণ্টা ২৭ মিনিটের থ্রিলার জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন আলকারাজ।

আলকারাজ ৬-৪, ৭-৬ (৫), ৬-৭ (৩), ৬-৭ (৪), ৭-৫ গেমে হারান জভেরেভকে। ২২ বছর বয়সী আলকারেজ প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন। সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জেতার কাছে তিনি।

তৃতীয় সেটে আলকারাজ ঊরু ও কুঁচকির ব্যথায় মেডিক্যাল টাইম আউট চান। গুরুতর ক্র্যাম্পিং ও পায়ের স্ট্রেইনে তিনি মেডিক্যাল টাইম আউট চাইলে কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ ছিল। তাতে জভেরেভ ও চেয়ার আম্পায়ারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ক্ষুব্ধ জভেরেভ চিৎকার করে বলছিলেন- ক্র্যাম্পের জন্য মেডিক্যাল টাইম আউটের অনুমতি নেই। সেই থেকে বলতে গেলে এক পায়ে ভর করেই খেলেছেন আলকারাজ।

তৃতীয় ও চতুর্থ, টানা দুই সেট টাইব্রেকে জিতে পঞ্চম সেটে ম্যাচ নেন জভেরেভ। ম্যাচ নির্ধারণী সেটে ৩-১ এ লিড নেন জার্মান টেনিস তারকা। কিন্তু স্প্যানিশ তারকা আলকারাজ হাল ছাড়েননি। ঘুরে দাঁড়িয়ে সেট ও ম্যাচ নিজের করে নেন।

রড লেভার এরেনায় জভেরেভের একের পর এক আনফোর্সড এরর্সে ৫-৫ এ সমতা ফেরান আলকারাজ। শেষ সেট জিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্লামের সবগুলোতে ফাইনালে ওঠার কীর্তি গড়েন আলকারাজ।

আলকারাজ বলেন, ‘সবসময় বিশ্বাস রেখেছি। আমি সবসময় বলি যতই ঝড়ঝাপ্টা আসুক, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। তৃতীয় সেটের মাঝামাঝি সময়ে চোট পেলাম। এই ধরনের পরিস্থিতিতে আগেও পড়েছি। কিন্তু আমি ম্যাচ থেকে সরে দাঁড়াইনি। শেষ বল পর্যন্ত লড়াই করে গিয়েছি।’

ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ হবেন ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দল।

/টিই/