শিরোনাম

টি-টোয়েন্টিতে ২০০ করতে চান সূর্যবংশী

সিটিজেন স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টিতে ২০০ করতে চান সূর্যবংশী
বৈভব সূর্যবংশী।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ব্যক্তিগত ইনিংসে ২০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি কেউ। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেটিই করতে চান ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী।

১৫ বছর বয়সেই রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে উঠেছেন বৈভব। প্রতিপক্ষের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে গড়ছেন একের পর এক কীর্তি।

ভারতীয় ‘এ’ দলের হয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে ১৫ ছক্কায় ৪২ বলে ১৪৪ রান করেন সূর্যবংশী। স্বীকৃত টি-টোয়েন্টিতে যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারসেরা ইনিংস।

এবারের আইপিএলেও সূর্যবংশী পেয়েছেন সেঞ্চুরি। সঙ্গে তিন ফিফটিতে এখন পর্যন্ত ১৪ ইনিংসে ৫৮৩ রান করেছেন ২৩২.২৭ স্ট্রাইক রেটে। রাজস্থান রয়্যালসকে প্লেঅফে তোলার পথে রেখেছেন বড় অবদান।

স্বীকৃত টি-টোয়েন্টি সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ক্রিস গেইলের। ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭ ছক্কা ও ১৩ চারে ১৭৫ রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দুইশর সীমানায় পা রাখতে চান সূর্যবংশী।

ইংল্যান্ড ব্যাটিং গ্রেট কেভিন পিটারসেনের ইউটিউব চ্যানেল ‘দা সুইচ’-এ সূর্যবংশী বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে ২০০ করতে চাই।’

পিটারসেন মনে করিয়ে দেন, এখনও কেউ দুইশ ছুঁতে পারেনি। গেইলের রেকর্ডের কথাও জানান। তখন সূর্যবংশী বলেন, ‘হ্যাঁ, আমি তার রেকর্ড ভাঙতে চাই এবং দুইশ করতে চাই। যদি কোনো ম্যাচে পুরো ২০ ওভার খেলতে পারি, অবশ্যই ওই রেকর্ড ভেঙে দেবো।’

স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ২১৬.১৬ স্ট্রাইক রেটে ১২৮৪ রান করেছেন সূর্যবংশী।

/টিই/