শিরোনাম

দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই
প্রয়াত কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক

দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব ও জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আবদুস সাদেক আর নেই। শনিবার (২০ জুন) সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এ কিংবদন্তি ক্রীড়াবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্র অনুযায়ী, মরহুমের প্রথম জানাজা বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর রবিবার সকাল সাড়ে ১০টায় বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আবদুস সাদেক ছিলেন স্বাধীনোত্তর বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের এক সোনালী অধ্যায়। তিনি কেবল অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের তারকা খেলোয়াড়ই ছিলেন না, বরং ফুটবল ও ক্রিকেটেও সমান পারদর্শী ছিলেন। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্রীড়াচক্রের (ঢাকা আবাহনী লি.) প্রথম ফুটবল অধিনায়ক ছিলেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।

ঐতিহ্যগতভাবেই তার পরিবার ক্রীড়া সংস্কৃতির সাথে যুক্ত। মরহুমের বাবা অ্যাডভোকেট আবদুস সোবহান ছিলেন ব্রিটিশ আমলের একজন খ্যাতনামা সাঁতারু। এছাড়া, আবদুস সাদেক দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বড় ভাই এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেকের পিতা।

/এমএকে/