শিরোনাম

চীনের কাছে হারলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
চীনের কাছে হারলো বাংলাদেশ
চীন-বাংলাদেশ ম্যাচ

শুরুতে এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। তাতে জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ম্যাচের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। ১২ মিনিটে শিমুল ইসলামের ফিল্ড গোলে আসে প্রথম গোল। তবে ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন চীনের ওয়াং ইউবো।

দ্বিতীয় কোয়ার্টারে আবারও লিড নেয় বাংলাদেশ। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে স্কোরলাইন হয় ২-১। তৃতীয় কোয়ার্টারে রক্ষণভাগের ভুলে সেই ব্যবধানও ধরে রাখতে পারেনি যুবারা। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে সমতায় ফেরান ছিউ ওয়েনশুয়ান।

শেষ কোয়ার্টারে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু ৫৩ মিনিটে সুন জিংরানের ফিল্ড গোলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় চীন। শেষ পর্যন্ত ওই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।

‎এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় যুবাদের সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ সালে সেমিফাইনালে খেলা।

দশ দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান।

/টিই/