শিরোনাম

বিশ্বকাপ ঘিরে ১২গুণ বাড়লো ট্রেনের ভাড়া

সিটিজেন ডেস্ক
বিশ্বকাপ ঘিরে ১২গুণ বাড়লো ট্রেনের ভাড়া
প্রতীকী ছবি

ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে নিউ জার্সি। নিউ ইয়র্ক থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত ৫৬ কিলোমিটার ট্রেন যাত্রার ভাড়া ১৫০ ডলার ( যা বাংলাদেশি মুদ্রায় ১৭০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। সাধারণ দিনে এই রুটে আসা-যাওয়ার ভাড়া মাত্র ১২ ডলার ৯০ সেন্ট। ট্রেনের ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং নিউ জার্সির গভর্নর মিকি শেরিল নেমেছেন সরাসরি বাগ্‌যুদ্ধে।

এই অস্বাভাবিক ভাড়ার জন্য ফিফাকে দায়ী করে নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বলেন,যেখানে এই বিশ্বকাপ থেকে ফিফা প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেখানে দর্শকদের যাতায়াতের খরচ কমাতে তাদের ভর্তুকি দেওয়া উচিত। নিউ জার্সি ট্রানজিটের প্রায় ৪৮ মিলিয়ন ডলারের ব্যয়ের বিপরীতে ফিফা কোনো আর্থিক সহায়তা দিচ্ছে না।

এদিকে, ফিফার চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি বলেন, নিউ জার্সির গভর্নর মিকি শেরিল যে দাবি করেছেন তা 'অভূতপূর্ব। এর আগে কোনো কনসার্ট বা ক্রীড়া আয়োজক প্রতিষ্ঠানের কাছে এমন দাবি জানানো হয়নি।

তিনি বলেন, গভর্নর আয়ের যে অংকটি বলছেন সেটি মুনাফা নয় বরং মোট রাজস্ব। ফিফা একটি অলাভজনক সংস্থা হিসেবে এই অর্থ বিশ্বজুড়ে ফুটবলের প্রসারে ব্যয় করে থাকে।

ফিফা এই কর্মকর্তা বলেন, যাতায়াতের এই অতিরিক্ত খরচ বিপরীত হতে পারে। ট্রেনের উচ্চমূল্যের কারণে দর্শকরা ব্যক্তিগত গাড়ি ব্যবহারে উৎসাহিত হবেন। যা শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি করবে। এর ফলে ম্যাচ দেখতে আসা দর্শকদের অভিজ্ঞতা যেমন তিক্ত হবে, তেমনি টুর্নামেন্ট শেষে অঞ্চলের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুফলও বাধাগ্রস্ত হতে পারে।

এছাড়া বিকল্প হিসেবে রাখা শাটল বাসের টিকিটের দাম ধরা হয়েছে ৮০ ডলার।

একই চিত্র দেখা গেছে বোস্টনের জিলেট স্টেডিয়ামের ক্ষেত্রেও, যেখানে ট্রেনের ভাড়া বাড়িয়ে ৮০ ডলার করা হয়েছে।

/এসবি/