রোনালদোর হতাশার দিনেও আল নাসরের জয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রোনালদোর হতাশার দিনেও আল নাসরের জয়
আল নাসরের জার্সিতে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

জাতীয় দলের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে খেলতে নেমে অনেকটা হতাশায় কাটলো ক্রিশ্চিয়ানো রেনালদোর দিন। গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন তিনি। পেনাল্টি পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তবে পর্তুগিজ মহাতারকার ব্যর্থতার দিনেও স্বস্তি পেয়েছে আল নাসর। স্বদেশি জোয়াও ফেলিক্সের গোলে সৌদি প্রো লিগে নিওমকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।

মঙ্গলবার (২১ অক্টোবর) ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর অবশ্য গোলের ভালো সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাদিও মানের বাঁ-দিক থেকে বাড়ানো উঁচু ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে শট নেওয়ার সুযোগ পান তিনি। কিন্তু ৪৭তম মিনিটে বাঁ-পায়ের শটে বল জালে পাঠানোর বদলে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড।

এরপর পেনাল্টি থেকে ব্যবধান গড়ার আরেকটি সুযোগ পান রোনালদো। তবে এবারও দর্শকদের হতাশ করেন ৪১ বছর বয়সী এই তারকা। জোরালো শট নিলেও বল লক্ষ্যভ্রষ্ট হয়।

রোনালদো যখন গোলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তখন দলকে উদ্ধার করেন জোয়াও ফেলিক্স। ম্যাচের ৬১তম মিনিটে একমাত্র গোলটি করেন এই পর্তুগিজ তারকা। আর এই গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে আল নাসর।

এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে আল নাসর। ৯ ম্যাচ থেকে ২২ পয়েন্ট অর্জন করেছে তারা। আর ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে নিওম। এদিকে সর্বোচ্চ ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাদসিয়া। আর ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আল-হিলাল।

প্রসঙ্গত, নেশন্স লিগে ডেনমার্ক ম্যাচের আগে পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিতণ্ডে জড়িয়ে ক্যাম্প ছাড়েন রোনালদো। সেই ঘটনায় সম্প্রতি ৩০ দিনের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

/জেএইচ/