প্যারিসের জাদুঘর থেকে মেসির আর্মব্যান্ড ও জার্সি চুরি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্যারিসের জাদুঘর থেকে মেসির আর্মব্যান্ড ও জার্সি চুরি
মেসির স্মারক চুরি করেন দুজন

ফ্রান্সের প্যারিসে চলমান অস্থিরতার মধ্যে চুরি হয়েছে লিওনেল মেসির স্বাক্ষর করা বার্সেলোনার ম্যাচ জার্সি ও অধিনায়কত্বের আর্মব্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মুখ ঢাকা দুই ব্যক্তি চুরি করা স্মারক দুটি ক্যামেরার সামনে তুলে ধরছেন।

ধারণা করা হচ্ছে, জার্সিটির মূল্য কোটি টাকার বেশি। ফরাসি রাজধানীতে প্লেস দে লা রিপাবলিকের কাছে ভাঙচুরসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার মধ্যে শহরের কেন্দ্রস্থলের একটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

প্যারিসে পিএসজি ও বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে এমন ঘটনা ঘটলো। মেসির ক্যারিয়ারে দুই ক্লাবেরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

লিওনেল মেসি বার্সেলোনার মূল দলে দীর্ঘ ১৭ বছর এবং পিএসজিতে ২ বছর খেলেছেন।

মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ডের আর্থিক মূল্যের পাশাপাশি সংগ্রাহকদের কাছে রয়েছে বিশেষ আবেগের মূল্য। সময়ের সঙ্গে সঙ্গে এসব স্মারকের দাম আরও বাড়তে পারে।

মেসির ব্যবহৃত ও স্বাক্ষর করা স্মারকের বাজারমূল্য যে কত বেশি হতে পারে, তার নজির রয়েছে। ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অভিযানে মেসির পরা ছয়টি জার্সি তিন বছর আগে নিলামে বিক্রি হয়েছিল। প্রতিটি জার্সির দাম উঠেছিল ১০ লাখ ডলারের বেশি, যা ফুটবল স্মারক নিলামের ক্ষেত্রে রেকর্ড গড়েছিল।

/টিই/