শিরোনাম

এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে জিতলো রিয়াল মাদ্রিদ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে জিতলো রিয়াল মাদ্রিদ
রিয়ালের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে (ছবি: সংগৃহীত)

নির্ধারিত ৯০ মিনিট শেষে চলছিল যোগ করা সময়ের খেলা। এমন সময় পেনাল্টি পেলো রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে গোল করলেন দলের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার শেষ মুহূর্তের এই গোলে লা লিগায় শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলের জয় পেয়েয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ভায়েকানোর বিপক্ষে সহজ জয়ই পাবে রিয়াল মাদ্রিদ, এমনটিই ভেবেছিলেন অনেকে। ম্যাচের পরিসংখ্যানও স্বাগতিকদের পক্ষেই। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তবু জয় এলো শেষ সময়ে।

ম্যাচের ১৪তম মিনিটে গোল করে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দলের স্প্যানিশ তারকা ব্রাহিম দিয়াজের বাড়ানো বলে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। লা লিগায় গেল ৪ অক্টোবরের পর এই প্রথম গোলের দেখা পেলেন ভিনিসিয়ুস, অর্থাৎ ম্যাচের হিসাবে লিগে ১৪ ম্যাচ পর গোলে ফিরলেন ভিনি।

বিরতির আগ পর্যন্ত লিড ধরে রাখেন আলভারো আরবেওলার শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে গোল করে ভায়েকানোকে সমতায় ফেরান জর্জ ডি ফ্রুটোস। এরপর প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় রিয়াল মাদ্রিদ। এরপর দুই দলই আক্রমণ করেন গোলের তাড়নায়। তবু মনে হচ্ছিলো ম্যাচটি ১-১ এ ড্র হবে।

তবে ম্যাচের নাটকীয়তা তখনও বাকিই ছিল। যোগ করা সময়ের দশম মিনিটে ডি-বক্সের ভেতরে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে হলুদ কার্ড দেখেন আলফোনসো এস্পিনো। তাতে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। স্পট কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

এ জয়ের ফলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল। ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তিনে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫ পয়েন্ট। আর ২২ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রায়ো ভায়োকানো।

/টিই/