শিরোনাম

মায়োর্কায় হারে শিরোপা থেকে আরও দূরে রিয়াল

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মায়োর্কায় হারে শিরোপা থেকে আরও দূরে রিয়াল
হারে হতাশ রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

লা লিগায় পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থাকা দল মায়োর্কার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। শনিবারের (৪ এপ্রিল) এই হারে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়লো লস ব্লাঙ্কোসরা। প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ১ ম্যাচ কম খেলে চার পয়েন্টে এগিয়ে আছে।

ম্যাচে সবকিছুতেই আধিপত্য ছিল রিয়ালের। ৬০ শতাংশের বেশি বল দখলে রেখেছিল। লক্ষ্যে শট রেখেছিল ৬টি, কিন্তু একটিতে সফল হলেও বাকি পাঁচটি প্রচেষ্টা রুখে দেন মায়োর্কা গোলকিপার লিও রোমান। অন্যদিকে লক্ষ্যে দুটি শট রেখে দুটিতেই সফল মায়োর্কা।

৪১ মিনিটে পাবলো মাফেওর ক্রসে বল পেয়ে ডান পায়ের শটে আন্দ্রে লুনিনকে পরাস্ত করেন মানু। তাকে এগিয়ে যায় মায়োর্কা। রিয়ালের প্রথম সুযোগ তৈরি করেছিলেন ম্যানুয়েল অ্যাঞ্জেল। মায়োর্কা কিপার তার সামনে বাধা হয়ে দাঁড়ান।

নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে কর্নার থেকে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রসে এদের মিলিতাও রিয়ালকে সমতায় ফেরান।

তবে ইনজুরি টাইমের প্রথম মিনিটে ভেদাত মুরিকির গোলে রিয়ালের কপাল পোড়ে। মাতেও জোসেফের বাড়ানো বল বক্সের সেন্টার থেকে জালে জড়ান কসোভার ফরোয়ার্ড।

৩০ ম্যাচে পঞ্চম হারে রিয়ালের পয়েন্ট ৬৯। এক ম্যাচ কম খেলে বার্সা ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। চলতি মৌসুমের অষ্টম জয়ে ৩১ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে ১৭ নম্বরে মায়োর্কা।

/টিই/