শিরোনাম

জয়ে বিশ্বকাপ শুরু সহআয়োজক শ্রীলঙ্কার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
জয়ে বিশ্বকাপ শুরু সহআয়োজক শ্রীলঙ্কার
এক ওভারে জোড়া উইকেট নিয়ে মহেশ থিকসানার উদযাপন। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের সহআয়োজক শ্রীলঙ্কা কলম্বোতে ২০ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। টস হেরে আগে ব্যাট করে লঙ্কানরা তোলে ৬ উইকেটে ১৬৩ রান।

জবাব দিতে নেমে ১৬তম ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ১১৭। অর্থাৎ শেষ ২৪ বলে দরকার ৪৭ রান। তবে ১৭তম ওভারে মহেশ থিকসানার জোড়া শিকারের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি আইরিশরা। আয়ারল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের মধ্যে কেবল একজন দুই অঙ্কের ঘরে রান করেন।

পল স্টার্লিংয়ের দল ইনিংসের ১ বল বাকি থাকতে অলআউট হয় ১৪৩ রানে। আইরিশদের ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন হ্যারি টেক্টর। এছাড়া রস অ্যাডায়ারের ব্যাট থেকে আসে ৩৪ রান।

মহেশ থিকসানা ২৩ রানে ৩ উইকেট এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৫ রানে ৩ উইকেট নেন।

শ্রীলঙ্কা লড়াইয়ের পুঁজি পায় দুই মেন্ডিসের রানে ভর করে। কুশাল মেন্ডিস ৫ চারে ৪৩ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া কামিন্দু মেন্ডিস ৪ চার ও ২ ছক্কায় ১৯ বলে ৪৪ রান করেন। ওপেনার পাথুম নিশাঙ্কা ২৩ বলে ২৪ রান করেন।

দল জিতলেও অনাকাঙ্খিত এক রেকর্ড গড়েন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে শূন্য রানে আউট হন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচে এই নিয়ে ১৬ বার শূন্য রানে আউট হলেন শানাকা। সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডটি এতোদিন রুয়ান্ডার জাপি বিমেনইয়ামানার সঙ্গে ভাগাভাগি করছিলেন শানাকা। এবার সেটি তার একার হয়। বিমেনইয়ামানা ১৫ বার শূন্য রানে আউট হন ১০০ ম্যাচে। ১৬২ ম্যাচে ১৪ বার এই তেতো স্বাদ পেয়ে তালিকার তিন নম্বরে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন চার জন, তাদের একজন বাংলাদেশের সৌম্য সরকার।

ম্যাচসেরা হয়েছেন কামিন্দু মেন্ডিস।

/টিই/