শিরোনাম

মিরাজ এখন শঙ্কামুক্ত

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
মিরাজ এখন শঙ্কামুক্ত
মেহেদী হাসান মিরাজ।

দীর্ঘ ৪০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের এক ঐতিহাসিক কীর্তি গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে লাল-সবুজের দলের এই অবিস্মরণীয় জয়ের দিনে জয়সূচক রান নিয়ে মাঠ ছাড়লেও, এক অনাকাঙ্ক্ষিত চোটের কারণে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে শেষ পর্যন্ত হাসপাতালেই যেতে হয়েছে।

ম্যাচের ৩৪তম ওভারে অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসের একটি বাউন্সার সরাসরি আঘাত হানে মিরাজের হেলমেটে। বলের তীব্র আঘাতে মাঠেই প্রচণ্ড অস্বস্তিবোধ করেন বাংলাদেশ অধিনায়ক এবং সেখানে দুই দফায় বমিও করেন। প্রাথমিক চিকিৎসার পর আম্পায়ার ও মেডিকেল টিম তাকে মাঠ ছাড়ার পরামর্শ দিলেও, দলের জয়ের স্বার্থে অদম্য সাহসিকতার পরিচয় দেন এ অলরাউন্ডার। শারীরিক জটিলতা নিয়েই ব্যাটিং চালিয়ে যান এবং ৫ উইকেটের ব্যবধানে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। এই রাজকীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

ম্যাচ শেষে মিরাজের শারীরিক অবস্থা নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রাতেই প্রথম সিটি স্ক্যান করানো হয়। শুক্রবার (১২ জুন) সকালে দ্বিতীয় দফায় আরেকটি সিটি স্ক্যান করা হলে স্বস্তির খবর আসে। দুটি স্ক্যানের রিপোর্টই সম্পূর্ণ ভালো এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। মিরাজ বর্তমানে শঙ্কামুক্ত এবং নিজের বাসায় বিশ্রামে রয়েছেন। তবে সিরিজের শেষ ম্যাচে তার খেলা কিংবা আগামীকালের অনুশীলনে নামার বিষয়ে পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

/এমএকে/