শিরোনাম

৮৬ বলেই অলআউট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
৮৬ বলেই অলআউট বাংলাদেশ
তাওহীদ হৃদয় করেছেন ইনিংস সর্বোচ্চ ৩৩ রান। ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ম্যাচ নির্ধারিত ছিল ২০ ওভারেই তবে বৃষ্টিতে প্রায় ১ ঘণ্টা খেলা বন্ধ থাকার পর পাল্টে যায় সেই হিসেব।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬ ওভার ৪ বলে বাংলাদেশ করে ৩ উইকেটে ৫০ রান। বৃষ্টির পর ম্যাচ ১৫ ওভার করে হয়। ফলে বাকি ৮ ওভার ২ বলে বাংলাদেশের ইনিংস বড় করতে টি-টোয়েন্টি নয়, টি-টেনের মতো খেলতে হতো। তবে বাংলাদেশ ১৫ ওভার অর্থাৎ ৯০ বলও টিকতে পারেনি।

১৪ ওভার ২ বল অর্থাৎ ৮৬ বলেই ১০২ রানে অলআউট হয়েছে লিটন দাসের দল।

প্রথম ৩ ওভার শেষে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ২১, দ্বিতীয় ওভারেই সাইফ হাসানের ডাবল বাউন্ডারিতে এসেছে ১২ রান। চতুর্থ ওভারের প্রথম বলে জেইডন লেনক্স ফেরান সাইফকে (১৬)।

পরের ওভারের তৃতীয় বলে নাথান স্মিথ তানজিদ হাসান তামিমকে বোল্ড করেন। ১০ বলে ৬ রান করেন তিনি। ওভারের চতুর্থ বলে পারভেজ হোসেন ইমন ইশ সোধিকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন। তাওহীদ হৃদয় হ্যাটট্রিক করতে দেননি কিউই এই পেসারকে।

বৃষ্টির পর খেলা শুরু হলে ব্যক্তিগত ২৬ রান করে আউট হন লিটন দাস। তার ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা। ইনিংসের ১২তম ওভারে শামীম পাটওয়ারী (৮ বলে ৩ রান) আউট হন।

ইনিংসের ১৩তম ওভারে তাওহীদ হৃদয় এবং এ ম্যাচে একাদশে সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন আউট হন। হৃদয় ৩ চার ও ২ ছক্কায় ২৪ বলে ৩৩ রান করেন। সাইফ ফেরেন শূন্য রানে। তাদের দুজনকে ফেরান ক্লার্কসন।

রিশাদ (৫), শরিফুল (২) ও রিপন মন্ডল (০) তেমন কিছু করতে পারেননি। ফলে চার বল বাকি থাকতে অর্থাৎ ১৪ ওভার ২ বলে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসে কেবল তিনজন দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছে।

মাত্র ২ ওভার বল করে ৯ রানে ৩ উইকেট নেন জশ ক্লার্কসন। ২টি করে উইকেট নেন নাথান স্মিথ ও বেন সিয়ার্স।

/টিই/