শিরোনাম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৬

নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৬

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটি বাংলাদেশের তা বলাই যায়। বিনা উইকেটে ২১ রান নিয়ে খেলতে নামা পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৩২ রানে থামিয়ে দিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ লিড পায় ৪৬ রানের। দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ৩ উইকেটে ১১০ রান। তাতে লিড বেড়ে হয়েছে ১৫৬ রান।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে দলীয় ১৫ রানে ফেরেন তানজিদ হাসান। তিনি করেন মাত্র ৪ রান। দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটিতে সেই চাপ সামাল দেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। আব্বাসকে চার মেরে ফিফটি পূর্ণ করেন মাহমুদুল। ৫৮ বলে ফিফটি করেন তিনি। এটি টেস্ট ক্যারিয়ারে জয়ের ষষ্ঠ ফিফটি।

তবে ডান-হাতি এই ওপেনার ফিফটির পর দ্রুতই ফেরেন সাজঘরে। আব্বাসের বলেই আবদুল্লাহ ফজলের হাতে ক্যাচ দেন তিনি। মাহমুদুল ৬৪ বলে ৫২ রান করেন, মেরেছেন ১০টি চার।

দ্রুত তৃতীয় উইকেটও তুলে নেয় পাকিস্তান। খুররম শেহজাদের বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল। ৩ চারে ৬০ বলে ৩০ রান করেন বাঁ-হাতি এই ব্যাটার।

এটি দিনের একমাত্র আফসোস হতে পারে বাংলাদেশের। কারণ, মুমিনুল আউট না হয়ে ওভারটি পার করে দিতে পারলেই হতো। মুমিনুলের আউটের পরই যে দুই আম্পায়ার দিনের খেলা শেষ ঘোষণা করেন।

তার আগে প্রথম দুই সেশনে পাকিস্তানের চারটি করে উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। চা-বিরতির পর নাহিদ রানা দুই উইকেট নিলে পাকিস্তানের ইনিংস থামে ২৩২ রানে। প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করা বাবর আজমের (৬৮) উইকেটটিও নেন নাহিদ।

পাকিস্তানের প্রথম ইনিংসে নাহিদ ও তাইজুল ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

/টিই/