শিরোনাম

শিরোপা জিততে না পেরে কাঁদলেন রোনালদো

সিটিজেন স্পোর্টস ডেস্ক
শিরোপা জিততে না পেরে কাঁদলেন রোনালদো

রেফারির শেষ বাঁশির পরই ক্রিশ্চিয়ানো রোনালদো দাঁড়ালেন না। ধীর গতিতে পা বাড়ালেন মাঠ ছাড়ার জন্য। আল নাসর দলের এক স্টাফ এগিয়ে রোনালদোর পিঠ চাপড়ে দিতে এগিয়ে গেলেন। কিন্তু তিনি ভ্রুক্ষেপই করলেন না। সোজা বসে পড়লেন ডাগআউটের বেঞ্চে। এরপর ক্যামেরায় ধরা পড়লো রোনালদো কাঁদছেন।

রোনালদোর এই কান্নার মুহূর্ত দেখা গেল শনিবার (১৬ মে) রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর ফাইনালের পর। এশিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্টটের ফাইনালে জাপানের গাম্বা ওসাকা ১-০ গোলে আল নাসরকে হারিয়ে শিরোপা জিতেছে।

আল নাসর এই টুর্নামেন্টে ফাইনালের আগে একটি ম্যাচেও হারেনি। ফাইনালে মোট ২০টি শট নিয়েছে, যেখানে ওসাকা মাত্র ৩টি। লক্ষ্যে শট ওসাকার ১টি আর আল নাসরের ৬টি। ৫টি শট নিয়েছেন রোনালদো, তবু দিন শেষে শিরোপা অধরা!

ফাইনালের পর সব খেলোয়াড় পদক পান, সবার আগে নেন অধিনায়ক। কিন্তু রোনালদো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মঞ্চের কাছেই যাননি। আল নাসরের খেলোয়াড়েরা মঞ্চে ওঠেন কোচ জর্জ হেসুসের সঙ্গে।

আল নাসরে এবারের চ্যাম্পিয়নস লিগ টু ছিল রোনালদোর ১৪তম টুর্নামেন্ট বা লিগ। এখনো আল নাসরের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি সিআরসেভেন।

একবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন। কিন্তু এর আয়োজক উয়াফা (ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশন) ফিফা বা এএফসির সদস্য না হওয়ায় অনেকে অফিশিয়াল হিসেবে আমলে নেন না।

/টিই/