শিরোনাম

বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে

সিটিজেন ডেস্ক
বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

ক্রিকেটভক্তদের জন্য শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। শুক্রবার (১৭ এপ্রিল) শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। সিরিজটি ঘিরে দেশে ও দেশের বাইরেও ক্রিকেটপ্রেমিদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। অনেকেই ম্যাচটি সরাসরি উপভোগ করতে চান। তবে কীভাবে দেখবেন সেই প্রশ্ন মাথায়।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে দেখা যাবে আগ্রহে থাকা এই ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টস ও নাগরিক টিভির মাধ্যমে। অনলাইনেও দেখা যাবে দুই দেশের মহারণ। সেক্ষেত্রে যেতে হবে ট্যাপম্যাডের ওয়েবসাইট ও অ্যাপে।

এছাড়া সফরকারী নিউজিল্যান্ডের দর্শকরা খেলা দেখতে পারবেন স্কাই নিউজিল্যান্ডের টিভি ও ওটিটি প্লাটফর্মে। এছাড়া ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে টিএনটি স্পোর্টস টিভিতে ও অনলাইনে সরাসরি সম্প্রচার করবে এই সিরিজ।

প্রতিবেশী দেশ ভারতেও সরাসরি দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের এই সিরিজ। এজন্য টিউন করতে হবে ফ্যানকোডে। একই মাধ্যমে সিরিজটি দেখা যাবে নেপালেও। অপরদিকে পাকিস্তানে ট্যাপম্যাড অনলাইনে খেলাগুলো সরাসরি দেখাবে। আর টেলিভিশনে দেখাবে পিটিভি স্পোর্টস।

এছাড়া অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস এবং নর্থ আমেরিকা ও মধ্যপ্রাচ্যে ডিজিটাল স্পোর্টস সেন্ট্রাল ডিআরএম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক এই সিরিজ।

উল্লেখ্য, ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। ২৩ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

চট্টগ্রামে ২৭ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর ২ মে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সকাল ১১টায় শুরু হবে। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।

/জেএইচ/