৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, কবে কোথায় খেলা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, কবে কোথায় খেলা
এনসিএল-এর দুই সংস্করণের ট্রফি হাতে আকবর আলী

জাতীয় ক্রিকেট লিগের চার দিনের সংস্করণ দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে ২০২৬-২৭ মৌসুমের। ৩ অক্টোবর একযোগে দেশের চারটি ভিন্ন ভেন্যুতে মাঠে গড়াবে প্রথম ধাপের আটটি দলের লড়াই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২৮তম এ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। এবারের আসরের মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আটটি বিভাগীয় দলকে নিয়ে আয়োজিত ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির টুর্নামেন্ট চলবে প্রায় সাত সপ্তাহ ধরে। লড়াইয়ের শেষ রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে ১৭ নভেম্বর। টুর্নামেন্ট শুরুর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিশেষ আয়োজনের মাধ্যমে অংশ নেওয়া আট দলের অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘ব্যাগি ক্যাপ’। স্ব-স্ব বিভাগের হয়ে একসময়ে জাতীয় দলে খেলা সাবেক তারকারাই নতুন প্রজন্মের এ অধিনায়কদের মাথায় পরিয়ে দিয়েছেন এ ক্যাপ।

এনসিএল এর সময়সূচি
এনসিএল এর সময়সূচি

উদ্বোধনী রাউন্ডেই মিরপুরের হোম অব ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। এছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়ামে লড়বে খুলনা ও বরিশাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ও ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী। এক স্তরবিশিষ্ট এ টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সব মিলিয়ে প্রতিটি দল লিগ পর্বে সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই উঁচিয়ে ধরবে চ্যাম্পিয়নের ট্রফি।

এদিকে গত কয়েক আসর ধরে ডিউক বলে খেলা হলেও, এবারের লিগ আয়োজনে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড। পুরোনো নিয়মে ফিরে এবার খেলা হবে কোকাবুরা বলেই। মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার ঐতিহাসিক শহীদ চান্দু স্টেডিয়াম এবং কক্সবাজার একাডেমি মাঠেও গড়াবে এবারের জাতীয় লিগের ম্যাচগুলো।

/এমএকে/