আলোকস্বল্পতায় আগেই শেষ হলো সিলেট টেস্টের প্রথম দিন

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
আলোকস্বল্পতায় আগেই শেষ হলো সিলেট টেস্টের প্রথম দিন
লাইট মিটার ব্যবহার করে দুই আম্পায়ার দেখছেন খেলা চালানো সম্ভব কি না

সিরিজের প্রথম টেস্টে মিরপুরে প্রথম তিন দিনই আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়েছিল। এই কারণে আগেই দিনের খেলা শেষও হতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট টেস্টের প্রথম দিনও একই ঘটনা ঘটলো। আলোকস্বল্পতার কারণে আগেই শেষ হলো প্রথম দিনের খেলা।

প্রথমে ৬৫ ওভার পর একবার খেলা বন্ধ হয়। তখন জ্বলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ফ্লাডলাইটও। কিছুক্ষণ পর খেলা বন্ধ হয়। এরপর মাঠে ফিরে খেলা চলে আরও কিছুক্ষণ। আবার খেলা বন্ধ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ৭০ ওভারে করে ৪ উইকেটে ২৩৫ রান। তবে এবার খেলা আধা ঘণ্টার মতো বন্ধ থাকার পর দিন শেষ এর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

সেঞ্চুরি করেছেন আমির জাঙ্গু। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তিনি ১৭১ বলে ১১১ রানে অপরাজিত আছেন। জাঙ্গুর ইনিংসে এখন পর্যন্ত ১১টি চার ও ২টি ছক্কা। তাকে সঙ্গ দিচ্ছেন জাস্টিন গ্রেভস। তার ৬২ বলের ইনিংসে চার ৩টি।

দুটি করে উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। বাংলাদেশের তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান মিলে বল করেছেন ৪২ ওভার। কোনো উইকেট পাননি।

আজ প্রথম দিনের খেলা ১৯ ওভার বাকি থাকতেই দিন শেষ হয়েছে।

/টিই/