শিরোনাম

স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
সাকিব আল হাসান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

২০২৪’র গণঅভ্যুত্থানের পর সাকিব আল হাসান দেশে ফিরতে পারেননি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গেল বুধবার (৫ আগস্ট) দিল্লিতে হওয়া ভার্চ্যুয়াল প্রেস কনফারেন্সে ছিলেন সাকিব। পরদিন বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারেও তার রাজনৈতিক অবস্থানের কথা জানা গেছে। এবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানালেন, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই।

আমিনুল হক বলেন, ‘আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই (সাকেবর ফেরার বিষয়) দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।’

‎আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাকিবকে দেশে ফিরতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘যে স্বৈরাচারের মঞ্চে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। যদি (সাকিব) আসে, তাহলে আইনগতভাবে আসবে।’

এর আগে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল হক একই কথা বলেন।

দিল্লিতে শেখ হাসিনা ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন বুধবার। সেখানে সাকিব আল হাসানও যুক্ত ছিলেন। ওই সংবাদ সম্মেলনে সাকিব অংশ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশে মাগুরা জেলায় সাকিবের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

/টিই/