শিরোনাম

ট্রেন স্টেশনের ছাদে যাত্রীদের মূত্রত্যাগ, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক
ট্রেন স্টেশনের ছাদে যাত্রীদের মূত্রত্যাগ, সমালোচনার ঝড়
স্টেশনের ছাদে ট্রেন যাত্রীদের মূত্রত্যাগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবি: ভিডিও থেকে

ময়মনসিংহে স্টেশনের টিনশেডে যাত্রীদের মূত্রত্যাগ করতে দেখা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

গতকাল শনিবার (২৮ মার্চ) শফিকুল ইসলাম মোহাম্মদ নামের এক ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়। পোস্টটি দেওয়ার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহ রেলওয়ে জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ছাদ যাত্রীতে পূর্ণ। এসময় অনেক যাত্রীকে ট্রেনের ছাদ থেকে স্টেশনের টিনশেডে উঠে মূত্রত্যাগ করছেন। অনেকেই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কেউ কেউ ভিডিও ও ছবি তুলছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। মন্তব্যে কেউ কেউ এটিকে শিক্ষার অভাব বলে উল্লেখ করেছেন, আবার কেউ বলেছেন যাত্রীদের অসচেতনতা। আবার অনেকেই রেলওয়ের ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন। তাদের মতে, ট্রেনের ছাদে যাত্রী ওঠা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনই স্টেশনের অবকাঠামোর ওপর এ ধরনের আচরণ জনস্বাস্থ্য ও শৃঙ্খলার জন্য হুমকি।

এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এরা একে তো ছাদে উঠে অপরাধ করেছে, আর একে তে এই নোংরা কাজ করেছে।’

আরেকজন লেখেন, ‘এদেশের মানুষ যে মানুষ হল না কিংবা হবে না এটা তার প্রমাণ।’

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/জেএইচ/