শিরোনাম

নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবি তারেক রহমানের
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সিটিজেন জার্নাল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন। ভোট প্রদান ও কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ভোটাররা যেন তাদের দেওয়া ভোটের ফল দ্রুত জানতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান অভিযোগ করেন, ভোটের আগের দিন থেকেই বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।

তারেক রহমান জানান, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে। তবে কারচুপি বা বিভ্রান্তি সৃষ্টি হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটই গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।

এর আগে সকালে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। দল বিজয়ী হলে কোন বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জয়লাভ করলে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে, সেটি হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সারা দেশের সাধারণ মানুষ যেন নিরাপদ বোধ করে।

নারীদের উন্নয়ন নিয়ে দলের পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী। আমরা এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে এগোতে পারব না। ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হলে প্রথমদিন থেকে এ বিষয়ে কাজ শুরু করব।

নির্বাচনে নানা অনিয়মের প্রসঙ্গে জানতে চাইলে তারেক রহমান বলেন, সারা বাংলাদেশের খবর আমি পাইনি। গতকাল রাতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর হাতে সেটা দমন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে বেরিয়ে এসে তাদের অধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র এ দেশের জনগণই রুখে দিতে সক্ষম।

/এসএ/