ফ্যাসিস্ট আর জান্নাতিরা দেশের বিরুদ্ধে আন্দোলনের চেষ্টা করছে: আমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট আর জান্নাতিরা দেশের বিরুদ্ধে আন্দোলনের চেষ্টা করছে: আমান
’৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ জেহাদের স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ফ্যাসিস্ট আর জান্নাতিরা দেশের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শহীদ জেহাদ পরিষদের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

’৯০-এর স্বৈরাচার বিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।

আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। ফ্যাসিস্টদের পরামর্শে এবং ফ্যাসিস্টদের সঙ্গে কেউ কেউ আবার গুপ্তভাবে দেশের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট আর জান্নাতিরা ভেতরে ভেতরে একই আন্দোলন করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে সমর্থন দিয়েছে। আগামী পাঁচ বছর বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার সুযোগ দিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে সভাপতিত্ব করছেন এবং সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। এটি বাংলাদেশের একটি বড় কূটনৈতিক অর্জন।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাস ও পৃথিবীর ইতিহাস বলে, কোনো পলাতক ফ্যাসিস্টই কখনো নিজ দেশে ফিরে আসতে পারে না। কেউ ফিরে আসার চেষ্টা করলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। হাজার হাজার ছাত্র-জনতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে আমান উল্লাহ আমান বলেন, আপনি ঠান্ডা মাথায় ও সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। সবাই ঐক্যবদ্ধভাবে আপনার পাশে থেকে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।

তিনি বলেন, পাঁচ বছর পর নির্বাচন হবে। তখন জনগণই সিদ্ধান্ত নেবে, কারা আবার ক্ষমতায় আসবে। এ জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই, অনিয়মেরও কোনো জায়গা নেই। অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, তারেক রহমানের উপর আস্থা রেখে জনগণ তাকে ক্ষমতায় এনেছে। ক্ষমতায় এসে তারেক রহমান জনগণের আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন।

স্মরণ সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এফসি/