শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ আগস্ট) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

এর আগে, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, চলতি আগস্টের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের। এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন, তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হতে পারে। তবে গুরুত্বপূর্ণ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে।

যদিও সম্ভাব্য প্রার্থী নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে গত শনিবার বগুড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি বাইরের কাউকে প্রার্থী করা হবে, এ সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।

এদিকে, দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘদিন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন, রাজনৈতিক সংকটের সময় নেতৃত্ব দেওয়া, পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এবং দলীয় গণ্ডির বাইরেও গ্রহণযোগ্যতা তাকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রেখেছে বলে সংশ্লিষ্ট নেতাদের ধারণা। এছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

তবে বিএনপির নীতিনির্ধারণী সূত্রগুলোর ভাষ্য, রাষ্ট্রপতি প্রার্থী কে হবেন সেটা স্থায়ী কমিটির আলোচনার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে। দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকে এখনো সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন।

/এসবি/