পলাতকরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পলাতকরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারের প্রতি আহ্বান
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীনেশ ত্রিবেদী ও মাহদী আমিন সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: উপদেষ্টার দপ্তর

ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর এবং বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে ভারতীয় হাইকমিশনারের প্রতি তিনি এ আহ্বান জানান। বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাড়েও উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টার দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত হন। একইসঙ্গে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়েও এই সাক্ষাতে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতার ওপর আলোচনায় জোর দেওয়া হয়। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বহু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে মাহদী আমিন ও দীনেশ ত্রিবেদী একমত পোষণ করেন।

/এফসি/