শিরোনাম

১৩ জুলাই মহাসমাবেশের ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই মহাসমাবেশের ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের
সংবাদ সম্মেলনে কথা বলছেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়জুল আলম। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

আগামী ১৩ জুলাই (সোমবার) রাজধানী ঢাকায় বৃহত্তর সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়জুল আলম এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘সারাদেশের যত চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছে, সবাইকে নিয়ে আমরা ঢাকায় শান্তিপূর্ণভাবে একত্রিত হয়ে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বৃহত্তর সমাবেশ কর্মসূচি পালন করবো।’

মো. ফয়জুল আলম আরও বলেন, ‘আমরা ৫৭ জন সেনা অফিসার ও ৮ জন বিডিআরসহ মোট ৭৪ জন হত্যার বিচার চাই। এছাড়া, আটক থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদের নামে যে ৬৭ জন বিডিআরকে হত্যা করা হয়েছে, সেটার বিচার চাই।’

তিনি বলেন, ‘বিডিআর সদস্যদের ওপর ষড়যন্ত্রের প্রহসনের অবসান ও চাকরিতে পুনর্বহাল ও পূর্ণ ক্ষতিপূরণ চাই। আমরা আব্দুল কাহার আকন্দের পাতানো মিথ্যা সাক্ষীর বলি হতে চাই না। আমরা কোনো প্রতিশ্রুতি বা আশ্বাস চাই না, আমরা রাষ্ট্রীয় দায়বদ্ধতা ও ন্যায়বিচার চাই। ’

এসময় সংবাদ সম্মেলন থেকে দুটি দাবি জানানো হয়েছে। সেগুলো হলো–

১. চাকরিতে পুনর্বহাল ও পূর্ণ ক্ষতিপূরণ: পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী বিশেষ আদালত ও সামারি ট্রায়ালের মাধ্যমে অন্যায়ভাবে চাকরিচ্যুত (সমগ্র বাংলাদেশের বিভিন্ন ইউনিটের) সব বিডিআর সদস্যকে (৭৬ ব্যাচসহ) অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। একইসাথে সব বকেয়া বেতন-ভাতা, পদোন্নতি এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

২. নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি: তদন্ত কমিশন কর্তৃক চিহ্নিত প্রকৃত অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং সাজানো তদন্ত ও মিথ্যা স্বাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে দীর্ঘ ১৭ বছর ধরে কারাবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদেরকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে।

সংবাদ সম্মেলনে খুলনা জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি আবু মুছাসহ আরও অনেক চাকরিচ্যুত বিডিআর সদস্যরা উপস্থিত ছিলেন।

/এফআর/