শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

রংপুর সংবাদদাতা
রংপুর সংবাদদাতা
শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের আবদারে তাদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রীও উপহার দেন তিনি। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে উচ্ছ্বসিত হয়ে পড়েন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে কলেজটির সামনে গাড়িবহর থামিয়ে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। এসময় শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানের সমস্যার কথা শোনেন প্রধানমন্ত্রী।

সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে বাস থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের আবদার রাখতে তাদের সঙ্গে সেলফি তুলে অটোগ্রাফ দেন। এসময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির খোজঁ খবর নেন।

তিনি আরও বলেন, এ সময় তারা কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন। কলেজে দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে লিখিত আবেদনও প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।

জানা গেছে, শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িবহর রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় রাস্তার দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে হাত নাড়িয়ে স্বাগত জানান।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে তিনি রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করে রাতে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা প্রমুখ।

/এফআর/