শিরোনাম

মধ্যপ্রাচ্য যুদ্ধ: ঈদের ছুটিতেও প্রবাসীদের জন্য চালু নিয়ন্ত্রণকক্ষ

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্য যুদ্ধ: ঈদের ছুটিতেও প্রবাসীদের জন্য চালু নিয়ন্ত্রণকক্ষ
কোলাজ। ছবি: সিটিজেন গ্রাফিক্স

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটিতেও নিয়ন্ত্রণকক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ২৪ ঘণ্টা এই নিয়ন্ত্রণকক্ষ চালু থাকবে। এতে তিন শিফটে মোট ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

নিয়ন্ত্রণকক্ষটি স্থাপন করা হয়েছে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭ এ অবস্থিত প্রবাসী কল সেন্টারে। এ সংক্রান্ত হটলাইন নম্বর: দেশে থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০।

অফিস আদেশে আরও বলা হয়, নিয়ন্ত্রণকক্ষের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল।

এছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ রাখবেন এবং নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিশ্চিত করতে গত ১০ মার্চ থেকেই এই নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে।

/জেএইচ/