শিরোনাম

ঢাবির কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড়, উৎসবমুখর পরিবেশ

ঢাবি প্রতিনিধি
ঢাবির কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড়, উৎসবমুখর পরিবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১০ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ। ছবি: সিটিজেন জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১০টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সকাল থেকে শুরু হওয়া ভোটে কেন্দ্রগুলোতে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেন্দ্রের ভেতরে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন, আর বাইরে অপেক্ষমাণ ভোটার ও দর্শনার্থীরা আলাপ-আলোচনায় সময় কাটাচ্ছেন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই জাতীয় নির্বাচনের উত্তেজনা এবং আনন্দ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

২৫ বছর বয়সী শিক্ষার্থী শারমিন রিমা বলেন, দীর্ঘদিন পরে জাতীয় নির্বাচন দেখছি। এখানে সবাই এত উৎসাহ নিয়ে এসেছে। ভোটের সঙ্গে সঙ্গে সামাজিক মেলামেশাও হচ্ছে। এটা একটি অসাধারণ অভিজ্ঞতা।

আরেক ভোটার শহিদুল আলম বলেন, ‘ভোট দেওয়া আমাদের জন্য একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। বাইরে অপেক্ষা করা মানুষদের আড্ডা ও ছোট ছোট আলোচনা দেখেও বোঝা যায়, মানুষ ভোট দিতে কতটা আগ্রহী।’

কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ‘এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। প্রশাসনিক তৎপরতা বজায় রাখা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

নির্বাচনী উৎসবের আবহে ছাত্র-ছাত্রীরাও কেন্দ্রে ভিড় করছেন। ভোট দেওয়ার পাশাপাশি তারা বন্ধুত্বপূর্ণ আড্ডা ও আলোচনায় সময় কাটাচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে, কেউ ভোটের আগে ভোটার তালিকায় নিজের নাম খুঁজে নিচ্ছেন, আবার কেউ ভোটাধিকার প্রয়োগের আগে বন্ধুদের সঙ্গে ছবি তুলে স্মরণীয় মুহূর্ত ধরে রাখছেন।

/জেএইচ/