শিরোনাম

নতুন আইজিপি কে এই আলী হোসেন ফকির

বিশেষ প্রতিনিধি
নতুন আইজিপি কে এই আলী হোসেন ফকির
নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মোঃ আলী হোসেন ফকির ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি ৫ এপ্রিল ১৯৬৮ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এ বি.কম অনার্স, এম.কম এবং এমবিএ ডিগ্রী লাভ করেন।

কর্মজীবনে তিনি অত্যন্ত সুনামের সাথে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার, কমান্ড্যান্ট আরআরএফ এবং এপিবিএন অধিনায়ক হিসেবে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন।

তবে রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথম দফায় চাকরি হারান আলী হোসেন ফকির। পরবর্তীতে দ্বিতীয় দফায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি পুনরায় চাকরিতে ফেরার সুযোগ পান। এসপি পদমর্যাদায় দায়িত্ব ফিরে পাওয়ার পর সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয় তাকে।

এরপর গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি লাভ করেন।

আলী হোসেন বাংলাদেশ পুলিশের হয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ এবং সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

বর্তমানে তিনি পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক, খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। এছাড়াও ঢাকা এপিবিএন স্কুল এন্ড কলেজের সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

ব্যক্তিজীবনে আলী হোসেনের সহধর্মিণী নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। পুত্র খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং কন্যা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।

/জেএইচ/