এমপি নজরুলের পদ শূন্য করার এখতিয়ার সংসদ সচিবালয়ের: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এমপি নজরুলের পদ শূন্য করার এখতিয়ার সংসদ সচিবালয়ের: ইসি সচিব
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিঠি পেলেও তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মূল এখতিয়ার জাতীয় সংসদ সচিবালয়ের। সংসদ থেকে এ সংক্রান্ত চিঠি পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সম্মানিত সংসদ সদস্যের ব্যাপারে স্পিকারের কাছে থেকে আমরা এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি।

জামায়াতের চিঠির কথা উল্লেখ করে তিনি বলেন, বেশ কিছুদিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের প্যাডে একটি চিঠি দেওয়া হয়েছিল। যেখানে জানানো হয় যে, তাকে (জি এম নজরুল ইসলাম) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জামায়াতে ইসলামীর চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নিজস্ব উদ্যোগে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি না– এমন প্রশ্নের উত্তরে স্পষ্ট ‘না’ জানান ইসি সচিব।

তিনি বলেন, আমাদের সরাসরি কিছু করার সুযোগ নেই। এটি সংসদ সচিবালয় থেকে জানানোর বিধান রয়েছে। আমাদের মূল দায়িত্ব নির্বাচন ব্যবস্থাপনা করা, আর পরবর্তী আইনি বিষয়গুলো জাতীয় সংসদ সচিবালয়ের আওতায় পড়ে। আমরা যদি স্পিকার বা সংসদ সচিবালয় থেকে অফিসিয়াল চিঠি পাই, তবে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

/এফসি/