শিরোনাম

ঢাকা ও শহরতলীর বাসে চালু হচ্ছে ই-টিকিট

নিজস্ব প্রতিবেদক
ঢাকা ও শহরতলীর বাসে চালু হচ্ছে ই-টিকিট

ঢাকা ও শহরতলীর রুটে চলাচলকারী বাসগুলোতে এখন থেকে যাত্রীদের ই-টিকিট কেটে চড়তে হবে। তবে যারা স্মার্টফোন ব্যবহার করছেন না, তাদের জন্যও টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ই-টিকিট পদ্ধতির উদ্বোধন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এই পদ্ধতি পুরোদমে চালু করা হবে।

ঢাকা মহানগর পুলিশ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে এই পদ্ধতি বাস্তবায়ন করা হবে। এ ব্যবস্থায় কারিগরি সহায়তা দিচ্ছে আরবানমুভ টেক নামের একটি কোম্পানি। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

Bus services - 19 01 26

লিখিত বক্তব্যে তিনি বলেন, সব বাস নির্ধারিত স্টপেজে যাত্রী তুলবে এবং নামাবে। সব যাত্রীকে অ্যাপ অথবা ডিভাইসের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করে গাড়িতে ভ্রমণ করতে হবে। এ পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া নেওয়া হবে আগের মতোই।

সাইফুল আলম বলেন, এই পদ্ধতি কার্যকর হলে রাস্তায় যানজট কমবে, অসম প্রতিযোগিতায় গাড়ি চলাচল বন্ধ হবে, দুর্ঘটনা কমিয়ে যাত্রী সাধারণের চলাচলে নিরাপত্তা, আরাম, সুযোগ-সুবিধা নিশ্চিত হবে এবং রাস্তায় গাড়ি থেকে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

আরবানমুভ টেক-এর এমডি জুনায়েদ আবদুল্লাহ বলেন, ঢাকার আটশর বেশি বাস স্টপে কিউআর কোড দেওয়া থাকবে। যাত্রীরা সেটা স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করে নিজেরাই টিকিট কাটতে পারবেন।

তিনি বলেন, যারা স্মার্টফোন ব্যবহার করছেন না, তাদের জন্য থাকবেন সাড়ে তিন হাজারের বেশি টিকিট মাস্টার। তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সরওয়ার হোসেন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম উপস্থিত ছিলেন।

/এফসি/