মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ
মালয়েশিয়ায় অবকাঠামো খাতে কর্মরত প্রবাসীরা

কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত ফির অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। কর্মীদের ৮ হাজার টাকার বেশি না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে মেডিকেল পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার জন্য সতর্ক করা হয়েছে।

এতে বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে, হয়রানি বা কোনো ধরনের তালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এজন্য ইমেইল ঠিকানা [email protected]এ অভিযোগ জানানো যাবে।

এতে বলা হয়েছে, মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

/এসবি/