শিরোনাম

ঢাবির ১০ কেন্দ্রে মোট ভোটার ২০,৬৭৫ জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাবির ১০ কেন্দ্রে মোট ভোটার ২০,৬৭৫ জন
ঢাবির ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি: সিটিজেন জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ভোটার সংখ্যা ২০ হাজার ৬৭৫ জন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) মোট তিনটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই তিন কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৪৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৬৪৬ জন এবং নারী ভোটার ২ হাজার ৮০৫ জন।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত একটি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ১৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭৮ জন এবং নারী ভোটার ১ হাজার ৯২ জন।

সায়েন্স এনেক্স বিল্ডিংয়ে স্থাপিত একটি কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৫৯ জন। সেখানে পুরুষ ভোটার ১ হাজার ৪৮ জন এবং নারী ভোটার ৯১১ জন।

ঢাবির চারুকলা অনুষদে দুটি কেন্দ্রে মোট ৩ হাজার ১০৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৪৪ জন এবং নারী ভোটার ১ হাজার ১৬২ জন।

কার্জন হলে একটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৫৪। সেখানে পুরুষ ভোটার ১ হাজার ৯০৫ জন এবং নারী ভোটার ৫৪৯ জন।

বিজ্ঞান ক্যাফেটেরিয়ায় স্থাপিত দুটি কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ২৫৯ জন এবং নারী ভোটার ১ হাজার ২৭৬ জন।

এ আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে লড়ছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে শাপলা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির নাসিরউদ্দীন পাটওয়ারী। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জুবের আলম খান লাঙল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী ত্রিদ্বীপ কুমার সাহা কাস্তে প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থী মো. রাসেল কবির ও সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত রফিকুজ্জামান আকন্দও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ জাসদ মনোনীত এ এফ এম ইসমাইল চৌধুরী, জনতা দলের মো. গোলাম সরোয়ার এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ারও ঢাকা-৮ আসনে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

/এফসি/