শিরোনাম

‘বিজয় দিবসে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘বিজয় দিবসে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে’
জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে সাক্ষাৎকালে কথা বলছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

মঙ্গলবার (২৮ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের অবদান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে কাজ করছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনের জন্য সরকারের পক্ষ থেকে সকল প্রয়োজনীয় প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা হবে।

বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ বিবেচনায় রেখে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির অংশ হিসেবে দ্রুত অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট টান্সফার কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, এ কার্যক্রম শুরু করতে জাপানিজ স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপের (জাপানিজ এসডব্লিউজি) পক্ষ থেকে আগামী মাসে দরপত্র দাখিল সম্পন্ন হওয়া প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম পুরনো ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজেও জাপানি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নির্ধারিত সময়ে টার্মিনালটি জনগণের জন্য উন্মুক্ত করতে জাপানের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ চলমান বিভিন্ন উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।

/এসবি/