শিরোনাম

জুলাই অভ্যুত্থান একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই অভ্যুত্থান একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এটি দল, মত, ধর্ম, ও বর্ণ নির্বিশেষে গণতন্ত্রকামী সব মানুষের অর্জন।

শনিবার (৪ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, জুলাইয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দেশের আইন অনুযায়ী বিচার করা হবে। সেইসঙ্গে বিচারের নামে কারও প্রতি যেন অবিচার করা না হয়, সে বিষয়েও সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, ‘যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। দেশের আইন অনুযায়ী অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে।’

বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চাই না। আমাদের মূল উদ্দেশ্য দেশ ও দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন। আর কোনো শক্তি যাতে দেশ গঠনের লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, যদি মাকে জিজ্ঞাসা করতে পারতাম– মা, আপনার ওপর ১৭ বছর যে অন্যায়-জুলুম, মানসিক নির্যাতন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন প্রতিশোধ নেবো? তবে মা বলতো– প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। একই প্রশ্ন করলে, আমার ভাইও একই কথা বলতো।’

ফ্যাসিবাদী শাসনামলের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘১৭ বছর আগে যাদের সহকর্মী হিসাবে পেয়েছিলাম, তাদের অনেককেই হারিয়েছি, কারও কারও অঙ্গহানি হয়েছে। শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণা আমিও অনুভব করি।’

/জেএইচ/