আগামী মাসে রূপপুর থেকে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আগামী মাসে রূপপুর থেকে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

দেশে চলমান বিদ্যুৎ সংকটের মধ্যেই সুখবর দিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে প্রায় ৪ হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি আরও মজবুত করতে একটি যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের কথা জানান আলেক্সান্দার খোজিন। মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে বলে উল্লেখ করেন তিনি।

রুশ রাষ্ট্রদূত বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ বাড়াতে মস্কোতে ওই বিজনেস ফোরাম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে অংশ নেওয়া ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রোফাইলের ভিত্তিতে সরাসরি ব্যবসায়ী টু ব্যবসায়ী (বিটুবি) বৈঠকসহ বিভিন্ন সেশনের আয়োজন করা হবে।

বৈঠকে এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় খাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি রাশিয়ার বাজারে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক রপ্তানির পাশাপাশি বাংলাদেশ থেকে মানবসম্পদ রপ্তানির ওপরও গুরুত্ব দেন।

জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রক্রিয়াগত ও আইনি বিষয়গুলো পর্যালোচনা করছে। এছাড়া রাশিয়ার তীব্র শীতের উপযোগী ভারী জুতা ও চামড়াজাত পণ্যের ভালো চাহিদা রয়েছে বলেও জানান তিনি।

কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে কাজের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রায় ৩০০০ বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।

/জেএইচ/